আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর ‘ঐক্য সরকার’ গঠনের যে প্রস্তাব বাংলাদেশ জামায়াতে ইসলামী দিয়েছিল, তা সরাসরি প্রত্যাখ্যান করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি স্পষ্ট জানিয়েছেন, একক শক্তিতেই সরকার গঠন করার মতো পর্যাপ্ত জনসমর্থন ও আসন বিএনপি পাবে বলে তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্সকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তারেক রহমান তার এই অনড় অবস্থানের কথা জানান। রয়টার্সের ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, আসন্ন নির্বাচনে বিএনপি একক সংখ্যাগরিষ্ঠতা অর্জনে শতভাগ আত্মবিশ্বাসী।
সাক্ষাৎকারে তারেক রহমান বলেন, একটি কার্যকর গণতন্ত্রের জন্য সংসদে শক্তিশালী বিরোধী দল থাকা অপরিহার্য। তিনি প্রশ্ন তোলেন, "যদি প্রধান প্রতিদ্বন্দ্বীদের নিয়েই সরকার গঠন করা হয়, তবে জনগণের পক্ষে কথা বলার জন্য বিরোধী দলে কে থাকবে?" মূলত গণতান্ত্রিক ভারসাম্য বজায় রাখতেই তিনি জামায়াতের এই প্রস্তাবকে রাজনৈতিকভাবে অগ্রহণযোগ্য বলে মনে করছেন।
উল্লেখ্য, এক সময়ের দীর্ঘদিনের মিত্র হলেও এবারের নির্বাচনে ৩০০ আসনের মধ্যে ২৯২টিতেই প্রার্থী দিয়ে এককভাবে লড়াই করছে বিএনপি। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, তারেক রহমানের এই অবস্থান দলের কর্মীদের মাঝে আত্মবিশ্বাস বাড়ানোর পাশাপাশি নির্বাচনের ময়দানে বিএনপিকে আরও শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হিসেবে প্রতিষ্ঠিত করবে।



